মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৫ জুলাই : দক্ষিণ করিমগঞ্জের স্বাস্থ্য পরিষেবার সার্বিক উন্নয়নকে সামনে রেখে দিসপুরে আসামের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আশোক সিংহলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। শনিবার অনুষ্ঠিত এই বৈঠকে এলাকার সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোর বর্তমান অবস্থা, বিভিন্ন সমস্যা এবং উন্নয়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে দক্ষিণ করিমগঞ্জের সরকারি হাসপাতাল, কমিউনিটি হেলথ সেন্টার ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিকে আরও আধুনিক ও কার্যকর করে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর শূন্যপদ দ্রুত পূরণ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, জরুরি পরিষেবার মানোন্নয়ন, মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা শক্তিশালী করা, অ্যাম্বুলেন্স পরিষেবা সম্প্রসারণ এবং পর্যাপ্ত ওষুধের সরবরাহ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়ানোর দাবিও উত্থাপন করেন বিধায়ক।
আমিনুর রশিদ চৌধুরী বৈঠকে জানান, উন্নত চিকিৎসা সুবিধার অভাবে দক্ষিণ করিমগঞ্জের বহু রোগীকে এখনও সিলচর, গৌহাটি কিংবা রাজ্যের বাইরে যেতে হয়। এতে রোগী ও তাঁদের পরিবারের ওপর অতিরিক্ত আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি হয়। তাই স্থানীয় হাসপাতালগুলিতে আধুনিক চিকিৎসা ব্যবস্থা চালু করা এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের ওপর তিনি জোর দেন।
সূত্রের খবর, স্বাস্থ্যমন্ত্রী আশোক সিংহল বিধায়কের উত্থাপিত বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন। স্বাস্থ্য পরিকাঠামো আরও শক্তিশালী করতে সরকার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি জানিয়েছেন।
বৈঠক শেষে বিধায়ক চৌধুরী বলেন, দক্ষিণ করিমগঞ্জের প্রতিটি মানুষের জন্য উন্নত, আধুনিক ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই তাঁর অন্যতম লক্ষ্য। তিনি বলেন, এলাকার মানুষ যাতে উন্নত চিকিৎসার জন্য দূরে যেতে বাধ্য না হন, সেই উদ্দেশ্যেই ধারাবাহিকভাবে সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হচ্ছে। বৈঠকে এলাকার দীর্ঘদিনের একাধিক স্বাস্থ্য-সংক্রান্ত দাবি তুলে ধরা হয়েছে এবং সেগুলির দ্রুত বাস্তবায়নের ব্যাপারে তিনি আশাবাদী।



