বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ আগস্ট : মণিপুরের চলমান অশান্তির প্রভাব পড়েছে অসম-মণিপুর সীমান্তে। সীমান্তবর্তী জিরিঘাট এলাকায় শতাধিক পণ্যবাহী লরি দিনের পর দিন আটকে থাকায় বিপাকে পড়েছেন চালক-খালাসিরা। দীর্ঘ সময় ধরে যান চলাচল ব্যাহত হওয়ায় বহু খাদ্যসামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে।
জানা গেছে, ফুলেরতল থেকে মণিপুরের জিরিবাম হয়ে ইম্ফলগামী পণ্যবাহী লরিগুলি সীমান্তে আটকে রয়েছে। চালকদের অভিযোগ, ৭ থেকে ১০ দিন পর্যন্ত লাইনে অপেক্ষা করতে হচ্ছে। এই সময়ে খাদ্য, পানীয় ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের সংকটে দুর্বিষহ অবস্থার মধ্যে দিন কাটাতে হচ্ছে চালক ও খালাসিদের।
এদিকে, অন্ধ্রপ্রদেশ থেকে মাছ ও মাছের ডিম বোঝাই চারটি লরির চালকরা জানান, সাত দিন ধরে তারা সীমান্তে আটকে রয়েছেন। দীর্ঘ অপেক্ষার ফলে মাছ সংরক্ষণের জন্য ব্যবহৃত বরফ প্রায় সম্পূর্ণ গলে গেছে। ফলে মাছ পচে গিয়ে আশপাশের এলাকায় দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে।
চালকদের আশঙ্কা, ইম্ফলে পৌঁছানোর আগেই পুরো মালামাল নষ্ট হয়ে যেতে পারে। এতে একদিকে যেমন বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে, অন্যদিকে খাদ্যসামগ্রীর অপচয়ও বাড়ছে। দ্রুত পরিস্থিতির সমাধান এবং পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চালকরা।



