৭ আগস্ট : বাংলাদেশের সিলেট জেলার ওসমানিনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার সকাল ৭টা থেকে ৭টা ১০ মিনিটের মধ্যে ওসমানীনগর থানার কাশিকাপন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ওসমানিনগর থানার তদন্তকারী কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৭ জন যাত্রীর মৃত্যু হয়। পরে উদ্ধারকারীরা গুরুতর আহত ৩ বছরের এক শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার কাজ শেষ হওয়ার পর বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।



