বরাক তরঙ্গ, ৬ আগস্ট : হাইলাকান্দি জেলার লালাবাজার এলাকায় একটি বাড়িতে রহস্যজনকভাবে বারবার আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, কোনও দিয়াশলাই, বৈদ্যুতিক শর্টসার্কিট বা দৃশ্যমান আগুনের উৎস ছাড়াই ঘরের জামাকাপড়, বিছানাসহ বিভিন্ন সামগ্রীতে হঠাৎ আগুন ধরে যাচ্ছে।
জানা গেছে, লালাবাজারের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা যিশু রায়ের বাড়িতে গত কয়েক দিন ধরে বিচ্ছিন্নভাবে কাপড়ে আগুন লাগার ঘটনা ঘটছিল। তবে বৃহস্পতিবার সকাল থেকে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। পরিবারের সদস্যদের দাবি, অল্প সময়ের ব্যবধানে ঘরের বিভিন্ন স্থানে রাখা কাপড় ও বিছানায় রহস্যজনকভাবে আগুন জ্বলে ওঠে। এতে পরিবারের ব্যবহার্য বহু জিনিসপত্র পুড়ে যায়।
এই ঘটনার জেরে যিশু রায়ের পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। পরিবারের সদস্যরা জানান, আগুনের প্রকৃত কারণ বুঝতে না পারায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইতোমধ্যে পরিধেয় বস্ত্র, শোবার বিছানাসহ নিত্যপ্রয়োজনীয় বহু সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে। রহস্যময় এই ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা জল্পনা-কল্পনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। তবে এখন পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য জানানো হয়নি। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্তের দাবি উঠেছে।



