নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৬ আগস্ট : কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এবং অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় বৃহস্পতিবার সোনাইয়ে শ্রীভূমি জেলার ‘যুব আপদা মিত্র’ স্বেচ্ছাসেবকদের সপ্তাহব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মসূচির সূচনা হয়। সোনাই শহরের সদ্ভাবনা ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের দক্ষ করে তুলতে হাতে-কলমে প্রশিক্ষণ ও বিভিন্ন বাস্তবভিত্তিক প্রদর্শনের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই রেভিনিউ সার্কলের অফিসার দিবাকর দেব, এনডিআরএফের ইন্সপেক্টর অজয়কুমার যাদব, সোনাই ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের ইনচার্জ ওয়াই বিএম সিংহা সহ অন্যরা। তাঁরা প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দুর্যোগের সময় দ্রুত সাড়া দেওয়া, উদ্ধারকাজে সহযোগিতা এবং জনসচেতনতা বৃদ্ধিতে আপদা মিত্রদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সোনাই সার্কলের ফিল্ড অফিসার বিপ্রজিৎ পাল চৌধুরী।



