কাছাড়ে লোক কল্যাণ দিবসে দুই সরকারি কর্মচারীকে ‘লোক সেবা পুরস্কার’

Spread the news

বরাক তরঙ্গ, ৫ আগস্ট : ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈয়ের ৭৬তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে বুধবার কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা-স্তরের ‘লোক কল্যাণ দিবস’ পালিত হয়। জেলা আয়ুক্তের কার্যালয়ের নতুন সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রাজদীপ গোয়ালা বলেন, স্বাধীনতার পর অসমের প্রথম মুখ্যমন্ত্রী লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ অসমকে ভারত থেকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেছিলেন। তাঁর সেই ঐতিহাসিক নেতৃত্বের ফলেই উত্তর-পূর্ব ভারত আজ ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে রয়েছে।

তিনি আরও বলেন, বরদলৈয়ের অবদান দীর্ঘদিন উপেক্ষিত থাকলেও ১৯৯৯ সালে অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার তাঁকে মরণোত্তর ‘ভারতরত্ন’ সম্মানে ভূষিত করে। বর্তমান অসম সরকার তাঁর প্রয়াণদিবসকে ‘লোক কল্যাণ দিবস’ হিসেবে পালন করছে, যাতে নতুন প্রজন্ম তাঁর আদর্শ থেকে অনুপ্রাণিত হয়।

অনুষ্ঠানে জনসেবায় নিষ্ঠা, সততা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ কাছাড় জেলা আয়ুক্তের কার্যালয়ের জুনিয়র ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট সুজয়বীর দেব এবং যুগ্ম স্বাস্থ্য পরিষেবা সঞ্চালকের কার্যালয়ের স্টাফ নার্স শান্তিলতা টপনোকে ‘লোক সেবা পুরস্কার’ প্রদান করা হয়। এই পুরস্কারের সঙ্গে ২৫ হাজার টাকা, প্রশংসাপত্র এবং অবসর-পরবর্তী এক বছরের চাকরির মেয়াদ বৃদ্ধির সুবিধা রয়েছে।

জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্তা বলেন, প্রশাসনের সাফল্যের নেপথ্যে বহু কর্মচারীর নিষ্ঠাপূর্ণ অবদান থাকে, যা অনেক সময় প্রকাশ্যে আসে না। ‘লোক সেবা পুরস্কার’ সেই কর্মীদের কাজের যথাযথ স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি সরকারি কর্মচারীদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে সহকারী আয়ুক্ত দীক্ষা সরকার স্বাগত ভাষণ দেন। অতিরিক্ত জেলা আয়ুক্ত মনোজ্যোতি কুটুম পুরস্কারের তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, এই স্বীকৃতি সরকারি কর্মীদের কর্মস্পৃহা বাড়ানোর পাশাপাশি জনসাধারণের প্রশাসনের প্রতি আস্থা আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠানে জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্তা, বিধায়ক রাজদীপ গোয়ালা, অতিরিক্ত জেলা আয়ুক্ত জাগৃতি কালওয়ার, মনোজ্যোতি কুটুমসহ অন্যান্য আধিকারিক লোকপ্রিয় গোপীনাথ বরদলৈয়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বরদলৈয়ের জীবন, স্বাধীনতা আন্দোলনে তাঁর ভূমিকা এবং অসমের স্বার্থরক্ষায় তাঁর ঐতিহাসিক অবদান তুলে ধরে একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়। পুরস্কারপ্রাপ্ত সুজয়বীর দেব ও শান্তিলতা টপনো সম্মান পাওয়ায় অসম সরকার, জেলা প্রশাসন এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে জনসেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *