বরাক তরঙ্গ, ৫ আগস্ট : ২০২৬ সালের লোক সেবা পুরস্কার-এর জন্য নির্বাচিত হাইলাকান্দি জেলা আয়ুক্তের কার্যালয়ের তিনজন সিনিয়র ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টকে বুধবার আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ও শংসাপত্র প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন নজমুল ইসলাম তাপাদার, অরুণজ্যোতি দে এবং হীরেন্দ্র কুমার রায়। জেলা আয়ুক্ত জয় বিকাশ তাঁদের হাতে শংসাপত্র তুলে দেন।
এ উপলক্ষে জেলা আয়ুক্তের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে জয় বিকাশ বলেন, লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর আদর্শে অনুপ্রাণিত হয়ে সরকারি কর্মচারীদের সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে জনসেবায় আত্মনিয়োগ করতে হবে। তিনি বলেন, জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরে আরও অনেক যোগ্য কর্মচারী রয়েছেন। সীমিত সংখ্যক পুরস্কারের কারণে অনেকেই রাজ্য স্তরে সুযোগ পান না। তাই নিরুৎসাহিত না হয়ে নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। নতুন কর্মচারীদেরও সিনিয়রদের কর্মদক্ষতা থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানের সূচনায় অতিরিক্ত জেলা আয়ুক্ত ভেন লাল নাম্পুই লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর জীবন ও আদর্শ তুলে ধরেন। অপর অতিরিক্ত জেলা আয়ুক্ত মনসুর আহমদ মজুমদার পুরস্কারপ্রাপ্ত তিন কর্মচারীর কর্মদক্ষতার প্রশংসা করেন। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তরাও তাঁদের অনুভূতি ব্যক্ত করেন।
এদিন অতিরিক্ত জেলা আয়ুক্ত অন্তরা সেন, মিনার্ভা দেবী, সহকারী আয়ুক্ত জনাদি লাংথাসা, লক্ষ্যজ্যোতি গগৈ, প্রশাসনিক আধিকারিক তপন নন্দীসহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আগে জেলা আয়ুক্তসহ অন্যান্য আধিকারিকরা লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।



