বাঁশকান্দি হাসপাতালের চিকিৎসা পরিষেবা উন্নয়নে পর্যালোচনা সভা আমিনুল হকের

Spread the news

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৫ আগস্ট :
বাঁশকান্দি হাসপাতালের চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন ও বিভিন্ন সমস্যা সমাধানে বিধায়ক আমিনুল হক লস্করের উদ্যোগে বুধবার এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাঃ সুমনা নাইডিংয়ের উপস্থিতিতে আয়োজিত এই সভায় হাসপাতালের চিকিৎসক সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং রোগীদের পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় হাসপাতাল কর্তৃপক্ষ ও উপস্থিত বক্তারা জানান, বাঁশকান্দি হাসপাতালে ছয়জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে মাত্র দুইজন চিকিৎসক নিয়মিতভাবে দায়িত্ব পালন করছেন। বাকি চারজন অন্যত্র কর্মরত থাকায় প্রতিদিন বিপুল সংখ্যক রোগীকে পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা দিতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন অবকাঠামোগত সমস্যাও তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানানো হয়।

বিধায়ক আমিনুল হক লস্কর বলেন, বাঁশকান্দি হাসপাতালসহ সোনাই কেন্দ্রের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের সমস্যা তিনি ইতিমধ্যেই বিধানসভায় উত্থাপন করেছেন। তাঁর আশা, রাজ্য সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে চিকিৎসক সংকট দূর করবে এবং হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নের উদ্যোগ নেবে। হাসপাতালের সার্বিক উন্নয়নে নিজের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
সভা শেষে বিধায়ক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। তিনি রোগী ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে পরিষেবার বর্তমান পরিস্থিতির খোঁজ নেন এবং চিকিৎসা পরিষেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেন।

সভায় উপস্থিত ছিলেন এসডিএমও ডাঃ দিব্যজ্যোতি ভট্টাচার্য, হাসপাতালের ইনচার্জ ডাঃ সায়ন বৈষ্ণব, বিপিএম সংযুক্তা দে, জেলা পরিষদের প্রতিনিধি ডাঃ আব্দুর রহিম লস্কর, বাসকান্দি ব্লকের সহকারী বিডিও খালিক-উদ-জামান, জেলা কিষাণ মোর্চার সভাপতি বাবুল আহমেদ বড়ভূইয়া, মাহমুদ হোসেন লস্করসহ হাসপাতাল ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *