বরাক তরঙ্গ, ৩ আগস্ট : ত্রিপুরার সোনামুড়া থানা এলাকার কমলনগর ঘাটিঘর এলাকায় যৌথ বাহিনীর পরিচালিত এক বৃহৎ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজার চারা, বীজ ও শুকনো গাঁজার পাতা উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার ও ধ্বংস করা মাদকসামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রবিবার সকাল ৮টা ২০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে মোট ২২টি গাঁজার বীজতলা থেকে আনুমানিক ৭ লক্ষ গাঁজার চারা উদ্ধার করা হয়। পরবর্তীতে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ঘটনাস্থলেই সেগুলি ধ্বংস করা হয়।
এছাড়া অভিযানের সময় প্রায় ৫০ কেজি গাঁজার বীজ এবং প্রায় ৫০০ কেজি শুকনো গাঁজার পাতা উদ্ধার করা হয়। প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর সেগুলিও ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

এই যৌথ মাদকবিরোধী অভিযানে অংশ নেয় সোনামুড়া থানার পুলিশ, বিএসএফের ৮১ নম্বর ব্যাটালিয়ন এবং টিএসআরের ১১তম ব্যাটালিয়নের জওয়ানরা। সীমান্তবর্তী এলাকায় মাদক চাষ ও পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।



