মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩ আগস্ট : আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসক হওয়ার স্বপ্ন বাস্তবায়নে আজমল সুপার-৪০ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চলতি বছরের নিট (NEET) পরীক্ষায় সফল শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এমনই মন্তব্য করেন আজমল ফাউন্ডেশনের ডিরেক্টর ড. খসরুল ইসলাম। তিনি বলেন, আজমল সুপার-৪০ শুধুমাত্র একটি কোচিং প্রতিষ্ঠান নয়, এটি শিক্ষা, মানবিকতা ও স্বপ্নপূরণের এক সামাজিক আন্দোলন। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ফুল, সম্মাননাপত্র ও স্মারক উপহার দিয়ে সংবর্ধিত করা হয়। পাশাপাশি তাঁদের অভিভাবকদেরও সম্মান জানানো হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিশিষ্টজনদের উপস্থিতিতে সাফল্যের আনন্দ ভাগ করে নেওয়া হয়।
বক্তব্যে ড. খসরুল ইসলাম বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি। আর্থিক সীমাবদ্ধতা যেন কোনও মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পথে বাধা না হয়, সেই লক্ষ্যেই আজমল ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, দক্ষ চিকিৎসক তৈরির পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তোলাও প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।
তিনি উল্লেখ করেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে শুধু বই পড়া যথেষ্ট নয়। সঠিক পরিকল্পনা, অভিজ্ঞ শিক্ষকদের দিকনির্দেশনা, নিয়মিত অনুশীলন, আত্মবিশ্বাস ও শৃঙ্খলাই সাফল্যের মূল চাবিকাঠি। আজমল সুপার-৪০ শিক্ষার্থীদের একাডেমিক প্রস্তুতির পাশাপাশি মানসিক বিকাশ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও সমান গুরুত্ব দেয়। এর ফলেই প্রতিবছর নিটসহ বিভিন্ন জাতীয় স্তরের পরীক্ষায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে।



