সর্পদংশনে প্রাণ গেল ৮ বছরের কন্যাশিশুর, চিকিৎসকদের গাফিলতির অভিযোগ

Spread the news

বরাক তরঙ্গ, ১ আগস্ট : বিষধর সাপের দংশনে মৃত্যু হয়েছে ৮ বছরের এক কন্যাশিশুর। মৃতার নাম সরস্বতী মণ্ডল। ঘটনাটি বাকসা জেলার গোরেশ্বরের বইটামারি এলাকায় ঘটেছে। শিশুটির পরিবারের অভিযোগ, গোরেশ্বর সমূহিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের গাফিলতির কারণেই এই মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

জানা গেছে, বইটামারিতে মায়ের সঙ্গে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত সরস্বতী। বাড়ির ভেতরেই তাকে একটি বিষাক্ত সাপ দংশন করে। এরপর দ্রুত তাকে গোরেশ্বর সমূহিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।

পরিবারের দাবি, হাসপাতালে ভর্তি হওয়ার পরও সরস্বতীর শারীরিক অবস্থার কোনও উন্নতি হচ্ছিল না। পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরের অনুমতি চাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক স্থানান্তরের অনুমতি দেননি বলে অভিযোগ পরিবারের।

পরিবারের অভিযোগ, সময়মতো অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগ পেলে শিশুটির প্রাণ বাঁচানো সম্ভব হতে পারত। এই ঘটনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে যথাযথ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *