জনগণনা-২০২৭ সেল্ফ এনুমারেশন কেন্দ্রের উদ্বোধন

Spread the news

বরাক তরঙ্গ, ১ আগস্ট : জনগণনা-২০২৭-এর সেল্ফ এনুমারেশন কার্যক্রমের সফল বাস্তবায়ন এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে শনিবার হাইলাকান্দি সার্কল অফিস প্রাঙ্গণে জনগণনা-২০২৭ সেল্ফ এনুমারেশন কেন্দ্রের উদ্বোধন করেন হাইলাকান্দি জেলার জেলা কমিশনার জয় বিকাশ। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কমিশনার বলেন, আগামী ২ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত সেল্ফ এনুমারেশন কার্যক্রম পরিচালিত হবে। তিনি জেলার সকল নাগরিককে নির্ধারিত সময়ের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করে প্রতিটি পরিবারের সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য অনলাইনে জমা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, একটি নির্ভুল, নির্ভরযোগ্য ও সর্বাঙ্গীন জনগণনা নিশ্চিত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, নাগরিকদের সুবিধার্থে স্থাপিত এই জনগণনা-২০২৭ সেল্ফ এনুমারেশন কেন্দ্র থেকে সেল্ফ এনুমারেশন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, অনলাইন নিবন্ধনের দিকনির্দেশনা এবং কারিগরি সহায়তা প্রদান করা হবে। এর ফলে সাধারণ মানুষ সহজেই অনলাইনে নিজেদের তথ্য নিবন্ধন করতে পারবেন।

এদিকে, জনগণনা-২০২৭-এর সেল্ফ এনুমারেশন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষকে এ কার্যক্রমে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আজ হাইলাকান্দি চক্র আধিকারিকের উদ্যোগে একটি জনসচেতনতামূলক প্রচারগাড়ির শুভ সূচনা করা হয়। প্রচারগাড়িটি চক্র এলাকার বিভিন্ন গ্রাম ও শহরাঞ্চলে পরিক্রমা করে ২ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত চলমান সেল্ফ এনুমারেশন কার্যক্রম, সঠিক তথ্য প্রদানের গুরুত্ব, অনলাইন নিবন্ধন পদ্ধতি এবং জনগণনার তাৎপর্য সম্পর্কে প্রচার চালাবে।

জেলা প্রশাসন হাইলাকান্দি জেলার সকল নাগরিককে ২ আগস্ট থেকে ১৬ আগস্ট-এর মধ্যে সেল্ফ এনুমারেশন সম্পন্ন করে জনগণনা-২০২৭ কার্যক্রম সফল করতে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *