বরাক তরঙ্গ, ১ আগস্ট : অন্ধবিশ্বাসের মর্মান্তিক পরিণতির সাক্ষী থাকল বঙাইগাঁও জেলা। সাপের কামড়ে আক্রান্ত এক কিশোরীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে ওঝার কাছে ঝাড়ফুঁক করাতে নিয়ে যাওয়ায় শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
জানা গেছে, বঙাইগাঁও জেলার বামুণীটিলা এলাকার বাসিন্দা উম্মে হানি নামে ওই কিশোরী সাপের কামড়ে আহত হয়। পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে না নিয়ে প্রথমে একজন ওঝার কাছে নিয়ে যান। দীর্ঘ সময় ঝাড়ফুঁক চললেও কিশোরীর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি।
পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি সাপের কামড়ের ক্ষেত্রে অন্ধবিশ্বাসে না ভরসা করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।



