শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১ আগস্ট : কাছাড়ের কাতিরাইল অন্নপূর্ণা রোড এলাকায় একটি বসতঘরে বিশাল আকৃতির একটি গুইসাপ (বেঙ্গল মনিটর লিজার্ড) ঢুকে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বিপুল নাথের বাড়ির প্রথম তলায় পরিবারের সদস্যরা প্রাণীটিকে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে শিয়ালটেক বন দপ্তরের বিট অফিসার সাদিক আহমদ চৌধুরীর নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ চেষ্টার পর গুইসাপটি ঘর থেকে বেরিয়ে পাশের জঙ্গলে চলে যায়, ফলে স্বস্তি ফেরে পরিবারের সদস্যদের মধ্যে।
বিট অফিসার সাদিক আহমদ চৌধুরী জানান, উদ্ধার হওয়া প্রাণীটি বেঙ্গল মনিটর লিজার্ড, যা স্থানীয়ভাবে গুইসাপ নামে পরিচিত। এটি বিষাক্ত নয়, তবে আত্মরক্ষার জন্য কামড় দিতে বা নখ দিয়ে আঁচড়াতে পারে। তিনি আরও জানান, এই প্রজাতিটি ভারতীয় আইনে সংরক্ষিত বন্যপ্রাণী। একে হত্যা, আটক বা অবৈধভাবে বেচাকেনা করা দণ্ডনীয় অপরাধ। বন বিভাগের পক্ষ থেকে প্রাণীটিকে নিরাপদে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং এলাকাটি এখন সম্পূর্ণ নিরাপদ।



