মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩১ জুলাই : সংবাদ সংগ্রহের গণ্ডি পেরিয়ে মানবিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন শ্রীভূমি জেলার সাংবাদিকরা। অসমের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত শিবসাগরসহ বিভিন্ন জেলার দুর্গত মানুষের সহায়তায় জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও ডিজিটাল সংবাদমাধ্যমের প্রতিনিধিরা সম্মিলিতভাবে এক বিশেষ ত্রাণ সংগ্রহ অভিযান পরিচালনা করেন।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে সাংবাদিকরা সাধারণ মানুষের কাছে বন্যার্তদের সহায়তার আবেদন জানান। তাঁদের এই উদ্যোগে ব্যাপক সাড়া দেন সর্বস্তরের মানুষ। সরকারি কর্মচারী, শিক্ষক, ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী, যুবসমাজ, পথচারী ও সাধারণ নাগরিক স্বতঃস্ফূর্তভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। কেউ এক টাকা, কেউ পাঁচ বা দশ টাকা, আবার অনেকে একশো, দুইশো কিংবা পাঁচশো টাকা পর্যন্ত অনুদান দেন। অর্থের পরিমাণ নয়, বরং মানুষের আন্তরিক অংশগ্রহণই এই উদ্যোগকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
ত্রাণ সংগ্রহ অভিযানে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সকল দাতা, শুভানুধ্যায়ী, ব্যবসায়ী, সরকারি কর্মচারী ও সাধারণ নাগরিকের প্রতি সাংবাদিক সমাজ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি তাঁরা সমাজের সর্বস্তরের মানুষের প্রতি বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শীর্ষেন্দু শী, মিষ্টু দত্ত, করুণা দেব, অরূপ রায়, সেতাব উদ্দিন, সৌমিত্র দাস, তনুশ্রী রায়, সুজিত দাস, বিপ্রজিৎ নাথ, জয়দীপ দাসসহ শ্রীভূমি জেলার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।
মানবতার এই উদ্যোগ আবারও প্রমাণ করল, সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নন; সমাজের সংকটময় সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য নজিরও স্থাপন করেন।



