বন্যাদুর্গতদের পাশে অগপ নেতা কবির আহমদ, দেড় লক্ষ টাকা দান

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ জুলাই : উজান অসমের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মানবিক উদ্যোগ গ্রহণ করলেন অসম গণ পরিষদের কাছাড় জেলা কমিটির প্রাক্তন সভাপতি, বর্তমান স্টেট কাউন্সিল সদস্য, রাজ্য সরকারের কাছাড় জেলা হজ কমিটির সদস্য কনকপুরের বাসিন্দা কবির আহমদ বড়ভূইয়া। বন্যাদুর্গতদের সহায়তার লক্ষ্যে তিনি মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন।

সম্প্রতি মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে কবির আহমদ বড়ভূইয়া মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লক্ষ টাকার একটি চেক তুলে দেন। তাঁর এই উদ্যোগের প্রশংসা করে মুখ্যমন্ত্রী আন্তরিক ধন্যবাদ জানান এবং সমাজের অন্যান্য সক্ষম ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এছাড়াও, অসম গণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও রাজ্যের মন্ত্রী অতুল বরার সঙ্গে সাক্ষাৎ করে দলীয় ত্রাণ তহবিলে বন্যাক্রান্তদের সহায়তার উদ্দেশ্যে আরও ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন তিনি।

অনুদান প্রদানের পর কবির আহমদ বড়ভূইয়া বলেন, শিবসাগর, চড়াইদেওসহ অসমের বিভিন্ন জেলায় বন্যার কারণে অসংখ্য মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। এই সংকটময় সময়ে মানবিক দায়িত্ববোধ থেকে সমাজের প্রতিটি সক্ষম ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানের উচিত বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো। তিনি সকলকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল এবং অন্যান্য ত্রাণ কার্যক্রমে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *