১৬ আগস্টের মধ্যে ই-কেওয়াইসি বাধ্যতামূলক, না করলে এলপিজি ভর্তুকি বন্ধের আশঙ্কা: আইওসি

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩১ জুলাই :
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি)-এর আওতাধীন এলপিজি গ্রাহকদের জন্য জারি হয়েছে গুরুত্বপূর্ণ নির্দেশিকা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৬ আগস্ট ২০২৬-এর মধ্যে সকল গ্রাহককে ই-কেওয়াইসি (e-KYC) সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না হলে ভবিষ্যতে এলপিজি ভর্তুকি বন্ধ হওয়ার পাশাপাশি অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার কিনতে হতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে গ্যাস সংযোগ বাতিল হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে শ্রীভূমির সারদা গ্যাস এজেন্সির উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এজেন্সির কর্তৃপক্ষ জানান, বর্তমানে ১৪.২ কেজির গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ১,০৮৫ টাকা। তবে নির্ধারিত সময়ের মধ্যে ই-কেওয়াইসি সম্পন্ন না করলে ভবিষ্যতে ওই সিলিন্ডারের মূল্য প্রায় ২,৫০০ টাকা পর্যন্ত হতে পারে বলে আইওসি-র নির্দেশিকায় উল্লেখ রয়েছে।

কর্তৃপক্ষ আরও জানান, ই-কেওয়াইসি সম্পন্ন করতে গ্রাহকদের গ্যাস এজেন্সিতে যাওয়া বাধ্যতামূলক নয়। স্মার্টফোন ব্যবহারকারীরা বাড়িতে বসেই সহজে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এজন্য মোবাইলে IndianOil One এবং Aadhaar FaceRD অ্যাপ ইনস্টল করে আধারভিত্তিক ফেস অথেনটিকেশনের মাধ্যমে বায়োমেট্রিক যাচাই সম্পন্ন করা যাবে।

সারদা গ্যাস এজেন্সির পক্ষ থেকে সকল এলপিজি গ্রাহককে নির্ধারিত সময়সীমার আগেই ই-কেওয়াইসি সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে, যাতে ভবিষ্যতে ভর্তুকি, গ্যাস সরবরাহ বা মূল্য সংক্রান্ত কোনও জটিলতার সম্মুখীন হতে না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *