হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৪ তলা বাড়ি! মর্মান্তিক মৃত্যু ৯ জনের

Spread the news

৩১ জুলাই : মহারাষ্ট্রের পাওয়ারলুম শহর ভিভান্ডিতে একটি চারতলা আবাসিক ভবন ভেঙে পড়ে মর্মান্তিক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার গভীর রাতে যখন এই দুর্ঘটনা ঘটে, তখন ভবনটিতে সংস্কারের কাজ চলছিল।

স্থানীয় প্রশাসন ও সূত্রে প্রকাশ, বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ ভিভান্দির বালাজি নগর এলাকায় অবস্থিত ‘কোহিনুর বিল্ডিং’-এর একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মোট ৪৮টি রুম বিশিষ্ট এই ভবনটিকে আগেই বিপজ্জনক হিসেবে ঘোষণা করেছিল পৌর কর্তৃপক্ষ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ ভিওয়ান্ডির বালাজি নগর এলাকার কোহিনুর বিল্ডিংয়ের একটি বড় অংশ ভেঙে পড়ে। বিকট শব্দে বাড়ির একাংশ ধসে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), থানে ডিজাস্টার রেসপন্স ফোর্স (TDRF), দমকল, পুলিশ এবং পুরসভার আধিকারিকরা।

উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে ডগ স্কোয়াড, একাধিক ফায়ার ইঞ্জিন, অ্যাম্বুল্যান্স এবং ভারী আর্থমুভিং যন্ত্র। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া বাসিন্দাদের বের করে আনার চেষ্টা চলছে। উদ্ধারকারীদের দাবি, ধ্বংসস্তূপের ভিতরে এখনও কয়েকজন আটকে থাকতে পারেন। তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে ধাপে ধাপে উদ্ধার অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *