৩১ জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘এআই’-ভিত্তিক বিকৃত ভিডিয়ো ছড়িয়ে পড়া এবং খোদ প্রধানমন্ত্রীর একটি ভিডিও পোস্ট ফেসবুক থেকে মুছে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোশাল মিডিয়া জায়ান্ট ‘মেটা’-র সঙ্গে ভারত সরকারের সংঘাত চরমে পৌঁছেছে। এই ঘটনায় মেটা ইন্ডিয়ার প্রধান-সহ বেশ কয়েকজন সোশাল মিডিয়া ব্যবহারকারীর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নিয়েছে পুলিশ।
হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিস সম্প্রতি মেটা ইন্ডিয়ার প্রধান এবং বেশ কয়েকজন সোশাল মিডিয়া ইউজারের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে। ঘটনাটি কী? AI প্রযুক্তি ব্যবহার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কিছু ভুয়ো ও বিকৃত ভিডিয়ো তৈরি করে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ছড়িয়ে দেওয়া হয়। পুলিশের মতে, এই ভুয়ো ভিডিয়োগুলো সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তাই নতুন ‘ভারতীয় ন্যায় সংহিতা’ এবং ‘আইটি আইন’-এর আওতায় মামলা শুরু করা হয়েছে। পুলিস মেটার কাছে জানতে চেয়েছে-সংস্থার নিজস্ব ফিল্টারিং ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে দেশের প্রধানমন্ত্রীর এমন বিকৃত ভিডিও প্ল্যাটফর্মে ঘুরে বেড়াল এবং দ্রুত ছড়িয়ে পড়ল?
সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ভিডিওর বিতর্কের মাঝেই ঘটে আরও একটি অদ্ভুত ঘটনা। দেশে প্রশ্নফাঁস বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে শোরগোলের মধ্যে গত বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি ভিডিও বার্তা পোস্ট করেছিলেন। সেখানে তিনি জানান যে, প্রশ্নফাঁস রুখতে সরকার কঠোর আইন আনছে। সেই ভিডিয়োটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই আচমকা মোদীর সেই পোস্টটি ফেসবুক থেকে উধাও হয়ে যায়! ভিডিয়োর জায়গায় লেখা ওঠে- “আইনি অনুরোধের কারণে এই পোস্টটি ভারতে পাওয়া যাচ্ছে না।”
মেটার এই “যান্ত্রিক ভুলের” ব্যাখ্যায় মোটেই সন্তুষ্ট হয়নি ভারত সরকারের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্ত মন্ত্রক। কেন্দ্রের মতে, দেশের প্রধানমন্ত্রীর একটি স্পর্শকাতর বিষয়ের সরকারি পোস্ট এভাবে মুছে যাওয়াকে স্রেফ ‘যান্ত্রিক ভুল’ বলে চালিয়ে দেওয়া যায় না। মন্ত্রক মেটার জননীতি সংক্রান্ত শীর্ষ আধিকারিকদের তলব করে কড়া জবাবদিহি দাবি করে। উল্লেখ্য, আন্দোলনের সুযোগে ছড়িয়ে পড়া আপত্তিকর ভিডিয়ো সরাতে কেন্দ্র মেটাকে নির্দেশ দিচ্ছিল, অথচ মেটা খোদ প্রধানমন্ত্রীর ভিডিওই মুছে দেয়!
পরিস্থিতি জটিল হতে দেখে কেন্দ্রীয় সরকারকে চিঠি পাঠিয়ে জল ঢালার চেষ্টা করেছে মেটা। চিঠিতে মেটা জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদি-সহ দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অ্যাকাউন্টগুলোর নিরাপত্তায় এখন থেকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। এসব অ্যাকাউন্টের কোনও পোস্ট নিয়ে কোনও সমস্যা দেখা দিলে অ্যালগরিদম তা মুছতে পারবে না। কেবল মেটার উচ্চপদস্থ আধিকারিকেরা কয়েক দফা খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নেবেন। এই বিতর্কের স্থায়ী সমাধানের লক্ষ্যে চলতি সপ্তাহের শেষেই মেটা ও কেন্দ্রীয় সরকারের শীর্ষ প্রতিনিধিদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে।



