ভারতীয় হকির জার্সির রং নীলের বদলে গেরুয়া করা হলো কেন? বিতর্কের মাঝে ব্যাখ্যা কর্তাদের

Spread the news

৩০ জুলাই : ভারতীয় হকির নতুন জার্সি ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে। ২০২৬ সালের এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন গেরুয়া রঙের জার্সি প্রকাশ করেছে হকি ইন্ডিয়া। এর পরই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে হকি মহলে সমালোচনার ঝড় ওঠে।

প্রাক্তন ভারত অধিনায়ক বিরেন রাসকিনহা এই সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেন এবং দীর্ঘ দিনের ঐতিহ্যবাহী নীল জার্সি বদল করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।

ভারতীয় হকির সঙ্গে নীল জার্সির সম্পর্ক বহু বছরের। অনেক সমর্থকের মতে, এই রং-ই ভারতীয় দলের পরিচয়ের অংশ হয়ে উঠেছে। তাই নতুন জার্সি প্রকাশের পর থেকেই অনেকে ক্ষোভ প্রকাশ করেন। রাসকিনহাও একই মত পোষণ করেন। তাঁর বক্তব্য, ‘ভারতীয় হকির ঐতিহ্য নীল জার্সির সঙ্গেই জড়িয়ে রয়েছে এবং সমর্থকেরাও দলকে সেই রংয়েই দেখতে চান।’

সমালোচনার মুখে হকি ইন্ডিয়া জানায়, এই সিদ্ধান্ত শুধুমাত্র সৌন্দর্যের কথা ভেবে নেওয়া হয়নি। খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেই নতুন রং বেছে নেওয়া হয়েছে। হকি ইন্ডিয়ার বক্তব্য, আন্তর্জাতিক হকিতে এখন নীল সিন্থেটিক টার্ফই ব্যবহার করা হয়। সেই কারণে নীল জার্সি অনেক সময় মাঠের রঙের সঙ্গে মিশে যায়। এতে খেলোয়াড়দের জন্য মাঠে সতীর্থদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছিল।

সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, ‘খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের পরামর্শের ভিত্তিতেই জার্সির রং বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নীল জার্সি অনেক সময় নীল টার্ফের সঙ্গে মিশে যাচ্ছিল, ফলে মাঠে পরিষ্কার ভাবে খেলোয়াড়দের দেখা কঠিন হচ্ছিল।’

হকি ইন্ডিয়ার দাবি, কোচ এবং খেলোয়াড়রা বিকল্প হিসেবে হলুদ বা গেরুয়া রঙের প্রস্তাব দিয়েছিলেন। সব দিক বিবেচনা করে শেষ পর্যন্ত গেরুয়া রং বেছে নেওয়া হয়। সংস্থার মতে, ‘গেরুয়া শুধু প্রযুক্তিগত সমস্যার সমাধানই করছে না, এটি ভারতের জাতীয় পতাকারও একটি গুরুত্বপূর্ণ রং। এই রং সাহস, ত্যাগ এবং জাতীয় গৌরবের প্রতীক।’

হকি ইন্ডিয়া আরও জানায়, জাতীয় দলের জার্সির রং বদল এই প্রথম নয়। প্রয়োজন অনুযায়ী অতীতেও পরিবর্তন করা হয়েছে। ২০১৪ সালের হকি বিশ্বকাপে ভারতীয় দল হলুদ জার্সিতে খেলেছিল। পরে ২০১৮ সালের বিশ্বকাপে আবার নতুন নকশার আকাশি-নীল জার্সি আনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *