স্যামুয়েলের জোড়া গোলে জয়ী ডাউনহিল নাগাখাল

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ অক্টোবর : কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমির উদ্যোগে আয়োজিত নাইন-এ সাইড ফুটবল নকআউট টুর্নামেন্টে জয় তুলে নিল ডাউনহিল নাগাখাল। বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে তারা ৩-০ গোলে পরাজিত করে শিলচরের বিবেকানন্দ রোড এফসি-কে। ম্যাচে ডাউনহিল নাগাখালের হয়ে জোড়া গোল করেন স্যামুয়েল। খেলার ১৬ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এরপর ২৭ মিনিটে সি পথমি গোল করে ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধে ৪৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলের ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন স্যামুয়েল।

ম্যাচে প্রতিপক্ষ দল একাধিকবার আক্রমণ গড়ে তুললেও গোলের মুখ খুলতে পারেনি। অন্যদিকে, ডাউনহিল নাগাখালের খেলোয়াড়েরা আক্রমণ ও রক্ষণ দুই দিকেই ভালো পারফরম্যান্স তুলে ধরেন। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন স্যামুয়েল। তাঁর হাতে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার তুলে দেন সমাজকর্মী জাহারুল লস্কর ও জামরুল লস্কর।

এদিনের ম্যাচে প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন জাফর বড়ভূইয়া। সহকারী রেফারি ছিলেন শামিম আহমদ বড়ভূইয়া ও আবুল হাসান। টুর্নামেন্টের সূচি অনুযায়ী, শুক্রবার মাঠে নামবে আয়ান এফসি রাজনগর ও ফাইভ স্টার ক্লাব শিলডুবি। সেই ম্যাচ ঘিরেও ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *