বরাক তরঙ্গ, ২৯ জুলাই : দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রাদেশিকীকরণের দাবিতে ফের আন্দোলনের পথে নামলেন মিজোরাম গভর্নমেন্ট অ্যাডহক এইডেড হাইস্কুল টিচার্স অ্যাসোসিয়েশন (MIGAHTA)-এর সদস্যরা। বুধবার সকাল ১০টা থেকে আইজলের ভানাপা হলের প্রবেশদ্বারে সংগঠনের উদ্যোগে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সহ-সভাপতি আর রেমলালনঘাকার নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন এফ ভানলালচুয়াঙ্গা। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষকরা সরকারের জারি করা Revoke Order, Provincialised Order এবং Lumpsum Rules-এর তীব্র বিরোধিতা করেন এবং অবিলম্বে এই নির্দেশ ও নিয়ম প্রত্যাহারের দাবি জানান।
MIGAHTA-র অভিযোগ, অ্যাডহক এইডেড হাই স্কুলগুলিকে পুনরায় প্রাদেশিকীকরণের দাবিতে তারা গত পাঁচ দিন ধরে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসছেন। কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও ইতিবাচক সাড়া বা কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
সংগঠনের নেতারা জানান, শিক্ষকদের দীর্ঘদিনের এই ন্যায্য দাবি পূরণ না হওয়ায় তারা বাধ্য হয়ে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের পথ বেছে নিয়েছেন। সরকারের কাছে দ্রুত সমস্যার স্থায়ী সমাধান এবং অ্যাডহক এইডেড হাই স্কুলগুলির পুনঃপ্রাদেশিকীকরণের দাবিই এদিনের বিক্ষোভের মূল বার্তা ছিল।



