বকেয়া পরিশোধ ও দাবি বাস্তবায়নে ৭ দিনের আলটিমেটাম আশাকর্মীদের, গণআন্দোলনের হুঁশিয়ারি

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ জুলাই :
দীর্ঘদিনের বকেয়া সম্মানী পরিশোধ, চাকরি নিয়মিতকরণ এবং বিভিন্ন ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে রাজ্য সরকারের কাছে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন কাছাড় জেলার আশাকর্মীরা। সোমবার সাদৌ অসম আশাকর্মী কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে অসমের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়েছে।

স্মারকলিপিতে আশাকর্মীদের চাকরি নিয়মিত করে স্থায়ী করার পাশাপাশি প্রত্যেকের মাসিক বেতন ২৬ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। এছাড়া সরকারি পোর্টালে কাজ পরিচালনার জন্য বর্তমানে ব্যবহৃত অনুপযোগী মোবাইল ফোনের পরিবর্তে আধুনিক ও উন্নতমানের স্মার্টফোন সরবরাহের আবেদন করা হয়েছে।
আশাকর্মীদের অভিযোগ, বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা ও সরকারি প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাঁদের প্রাপ্য সুযোগ-সুবিধা ও ভাতা এখনও পর্যাপ্ত নয়। তাই পোলিও টিকাকরণ অভিযানে দৈনিক ভাতা বর্তমান ৭৫ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও মুখ্যমন্ত্রীর ঘোষিত স্কুটি প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং দীর্ঘদিনের সমস্ত বকেয়া সম্মানী অবিলম্বে পরিশোধের দাবি জানানো হয়েছে। সাদৌ অসম আশাকর্মী কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে রাজ্য সরকার যদি তাঁদের ন্যায্য দাবিগুলির বিষয়ে ইতিবাচক পদক্ষেপ না নেয়, তবে শান্তিপূর্ণভাবে অনির্দিষ্টকালের গণআন্দোলনে নামতে বাধ্য হবেন আশাকর্মীরা। একই সঙ্গে প্রশাসনের কাছে সহানুভূতিশীল ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের আহ্বানও জানিয়েছে কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *