বরাক তরঙ্গ, ২৬ জুলাই : উধারবন্দ পানগ্রামে রড ইন্ডাস্ট্রি কেডি গ্লোবাল ইনফ্রাস্টাকচারে ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যু ঘটে। আহত হয়েছেন আরও কয়েকজন। রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ রড কারখানা কেডি ইন্ডাস্ট্রিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই ভয়াবহ দুর্ঘটনাটি সংঘটিত হয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় আপ্পু বরাইক (৩২), কিরণ মুন্ডা (২৮), শ্যামল গৌড় এবং সাগর নাথ। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। সবাই ত্রিপুরার আগরতলার বাসিন্দা। শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করার পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ দিকে, কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার সঞ্জীব শইকিয়া জানান, “পরিবারের সদস্যরা মরদেহগুলো শনাক্ত করতে রওয়ানা দিয়েছেন। এ ঘটনায় একটি মামলা রুজু করা হবে এবং পরবর্তী তদন্ত প্রক্রিয়া চলছে।”
এ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।



