ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আজ কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসছে সিজেপি

Spread the news

২৪ জুলাই : অবশেষে ২৬ দিনের দীর্ঘ অনশন ভেঙেছেন বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। অন্যদিকে, নিটের প্রশ্নফাঁস কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেও, নিজের অবস্থানে অনড় রয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) (Cockroach Janata Party)। গত ৩৫ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাওয়া এই সংগঠনের সাফ কথা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তাঁদের প্রতিবাদ ও আন্দোলন আগের মতোই জারি থাকবে। শুক্রবার দুপুরেই কেন্দ্রীয় প্রতিনিধিদের সঙ্গে সিজেপির একটি উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।

কেন্দ্রের বেশ কিছু শর্তে রাজি হয়ে বৃহস্পতিবার মধ্যরাতে দিল্লির এক বেসরকারি হাসপাতালে গিয়ে সোনম ওয়াংচুকের অনশন ভাঙান কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। তিনি নিজেই লিকুইড খাইয়ে সোনমের অনশন ভাঙান। সোনমের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ বলেন, ‘‘সোনম স্যার অনশন ভেঙেছেন, সেটা আমাদের জন্য খুবই স্বস্তির। নিজের জীবন বাজি রেখে তিনি গোটা দেশের চেতনাকে জাগিয়ে তুলেছিলেন। দেশের জন্য আপনার প্রাণ অত্যন্ত মূল্যবান।’’

সোনম ওয়াংচুক অনশন তুললেও সিজেপি তাঁদের মূল দাবি—শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা থেকে একচুলও সরছে না। উল্লেখ্য, এর আগে ককরোচ জনতা পার্টির ডাকে সোমবার লক্ষাধিক পড়ুয়া সংসদ অভিযান করতে গেলে দিল্লি পুলিশের বিরুদ্ধে নির্বিচারে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোঁড়ার অভিযোগ উঠেছিল।

পরিস্থিতি সামাল দিতে এদিন দুপুর ১২টার পর কেন্দ্রের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে সিজেপির প্রতিনিধি দলের এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। এখন দেখার বিষয়, এই বৈঠকের পর কেন্দ্রের সঙ্গে কোনও সমঝোতায় পৌঁছাতে পারে কি না আন্দোলনরত পড়ুয়ারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *