২৩ অক্টোবর : বিশ্ব যখন এক নতুন বিশ্বব্যবস্থা গড়ে তোলার পথে, তখন দেশের ভেতর কিছু মানুষ ‘অরাজকতার স্বপ্ন’ দেখছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ‘এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৬’-এর উদ্বোধনী দিনে বক্তব্য রাখার সময় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। কংগ্রেসকে একটি ‘পরজীবী’ দল হিসেবে আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই দল দেশের অগ্রগতি আটকে রাখতে চাইছে এবং ব্যর্থ একটি ‘প্রোডাক্ট’কে বারংবার নতুন করে বাজারে নামানোর ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রীর অভিযোগ, কংগ্রেস বিদেশের মাটিতে গিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং বিদেশি হস্তক্ষেপ চাইছে। তিনি বলেন, “শ্রীহরিকোটা থেকেও বছরে এত রকেট উৎক্ষেপণ করা হয় না, কংগ্রেস যতবার এক ব্যর্থ নেতাকে প্রতি বছর লঞ্চ করার চেষ্টা করে।” তিনি আরও বলেন, একটি পরিবারকে ব্যর্থতার দাগ থেকে বাঁচাতে পুরো দেশকে বাজি ধরছে এই দল।

কংগ্রেসের বিরুদ্ধে সংসদে তরুণ বিরোধী সাংসদদের কণ্ঠরোধ করারও অভিযোগ তোলেন মোদি। তাঁর দাবি, এক বিশেষ ব্যক্তিত্বকে লাইমলাইটে রাখতেই অন্যদের কথা বলতে দেওয়া হয় না। চরমপন্থী ও ‘বুদ্ধিবৃত্তিক নকশাল’ মনোভাব এখন কংগ্রেসকে সম্পূর্ণ গ্রাস করেছে বলেও তোপ দাগেন তিনি।



