এস পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১৬ জুলাই : ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও ভক্তিময় পরিবেশে কাটিগড়ার শ্রীশ্রী সত্য নারায়ণ মন্দিরে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চতুর্থতম শ্রীশ্রী রথযাত্রা মহোৎসব। এউপলক্ষে টানা ৯ দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মন্দির প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য রথযাত্রা বের করা হলে বিপুল সংখ্যক ভক্ত ও ধর্মপ্রাণ মানুষ এতে অংশ নেন। ভক্তদের হরিনাম সংকীর্তন, জয়ধ্বনি এবং ভজন-কীর্তনের মধ্য দিয়ে গোটা এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। মহোৎসব উপলক্ষে প্রতিদিন নিত্য ভজন-কীর্তনের পাশাপাশি বিশেষ ৫৬ ভোগ নিবেদনসহ বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২০ জুলাই পালিত হবে হেরাপঞ্চমী এবং ২৪ জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা মহোৎসব, যা ঘিরে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
শ্রীশ্রী রথযাত্রা পরিচালনকারী সমিতির কর্মকর্তারা জানান, মহোৎসবের প্রতিটি অনুষ্ঠানে এলাকার পাশাপাশি দূর-দূরান্তের ভক্তদের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। তাঁরা সকল ধর্মপ্রাণ ভক্তবৃন্দকে এই মহোৎসবে অংশ নিয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।
এদিকে, এদিন কাটিগড়ার সিদ্ধিপুর আখড়া, কাটিগড়া আখড়া, কালাইন জগন্নাথ মন্দির সহ আরও বেশ কয়েকটি ধর্মীয় স্থান থেকে প্রভু জগন্নাথের বর্ণাঢ্য রথযাত্রা বের করা হয়।



