২৫ জুলাই : নিট (NEET) প্রশ্নফাঁস এবং পরীক্ষায় অনিয়মের অভিযোগকে ঘিরে চলা বিতর্কের মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। এই ঘটনাকে ‘গণতন্ত্রের জয়’ বলে অভিহিত করেছেন বিশিষ্ট পরিবেশবিদ ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। দীর্ঘ ২৬ দিন অনশন চালানোর পর গত বৃহস্পতিবার রাতে সরকারের সঙ্গে আলোচনার আশ্বাস পাওয়ার ভিত্তিতে তিনি অনশন প্রত্যাহার করেন।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর হাসপাতালের শয্যা থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে ‘ভি’ চিহ্ন দেখিয়ে ওয়াংচুক লেখেন, “এটি শান্তি, ধৈর্য এবং অধ্যবসায়ের জয়।” আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) এবং দেশের জেন জেড প্রজন্মকে অভিনন্দন জানান। পাশাপাশি দেশের নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, “দেশের প্রতিটি কোণ থেকে ভয় ও ভীতি দূর করার জন্য এবং জেগে ওঠার জন্য সকলকে ধন্যবাদ।” তাঁর মতে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এবার দেশের শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত সংস্কারের দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
এদিকে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ বলেন, ছাত্রসমাজের ঐক্যই গণতন্ত্রের প্রকৃত শক্তির পরিচয় দিয়েছে। তবে আন্দোলন এখনই শেষ হচ্ছে না বলেও স্পষ্ট জানিয়েছে সংগঠনটি।
সিজেপির দাবি, নিট-সংক্রান্ত ঘটনায় মৃত পরীক্ষার্থীদের পরিবারের জন্য ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে এবং আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়া যাবে না। এই দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।



