নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৬ জুলাই : সোনাই কালীবাড়ি রোডস্থিত ঐতিহ্যবাহী রাধাগোবিন্দ মন্দিরে বৃহস্পতিবার ভক্তি, উৎসাহ ও ধর্মীয় আবহে পালিত হলো পবিত্র রথযাত্রা। এ উপলক্ষে শতাধিক ভক্তের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ এবং সোনাই শহরের বিভিন্ন পথ উৎসবমুখর হয়ে ওঠে।
রথযাত্রার সূচনা করেন রথযাত্রা পরিচালন কমিটির সভাপতি অতুল শুক্লবৈদ্য, সহ-সভাপতি ভজন সেন এবং সম্পাদক দীপকুমার দাস। প্রাচীন রীতি অনুসারে তাঁরা রথের যাত্রা শুরুর আগে সড়কে ঝাড়ু দিয়ে শুভারম্ভের আচার সম্পন্ন করেন।
পরে সুসজ্জিত রথটি সোনাই শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। রথের দড়ি টানতে এবং শ্রীজগন্নাথের দর্শন পেতে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। রথযাত্রা শেষে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। পাশাপাশি রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ঐতিহ্য এবং এবারের আয়োজনের বিভিন্ন দিক নিয়ে সংবাদমাধ্যমের সামনে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন রথযাত্রা পরিচালন কমিটির সদস্যরা।



