১৬ জুলাই : মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতির দিকে নজর রেখে ভারতীয় নাবিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। আপাতত হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলিতে ভারতীয় নাবিকদের নিয়োগ না করার নির্দেশ দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন।
সংস্থাটির তরফে জারি করা সাম্প্রতিক সার্কুলার অনুযায়ী, জাহাজ মালিক, অপারেটর এবং রিক্রুটমেন্ট ও প্লেসমেন্ট কোম্পানিগুলিকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই রুটে ভারতীয় কর্মীদের মোতায়েন থেকে বিরত থাকতে বলা হয়েছে। পারস্য উপসাগরীয় এলাকায় ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকি এবং পরিস্থিতির অস্থিরতার কথা মাথায় রেখেই প্রশাসন এই কড়া সিদ্ধান্ত নিয়েছে।
নিয়োগ স্থগিতের পাশাপাশি সমুদ্রে ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং আন্তর্জাতিক শিপ ও পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি বা আইএসপিএস কোড কঠোরভাবে পালন করতে হবে। এছাড়া, নাবিকদের নিয়মিত নেভিগেশনাল ওয়ার্নিং এবং নিরাপত্তা সংক্রান্ত অ্যাডভাইজারি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। কোনও ধরনের জরুরি পরিস্থিতিতে অবিলম্বে ‘ইনফরমেশন ফিউশন সেন্টার – ইন্ডিয়ান ওশেন রিজিয়ন’ এবং ডিজি কমিউনিকেশন সেন্টারের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতের মেরিটাইম কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর তারা নিরন্তর নজর রাখছে এবং ভারতীয় নাবিকদের সুরক্ষা ও কল্যাণই তাদের প্রধান অগ্রাধিকার। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে মনে করা হচ্ছে। মূলত আন্তর্জাতিক সমুদ্রপথে ভারতীয় নাবিকদের ওপর কোনও ঝুঁকি যাতে না আসে, তা নিশ্চিত করতেই এই আগাম সতর্কতা গ্রহণ করা হয়েছে।



