মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৬ জুলাই : মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে ফের বড় সাফল্য পেল পাথারকান্দি পুলিশ। ভারত-বাংলাদেশ সীমান্তঘেঁষা পাথারকান্দি থানার লক্ষীপুর এলাকায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে একটি অটো থেকে ৫,৮০০টি সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাথারকান্দির বাংলাটিলা গ্রামের বাসিন্দা আফসার আলম (২০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে একটি অটোয় বিপুল পরিমাণ মাদক পাচারের চেষ্টা চলছে খবর পাওয়ার পরই পাথারকান্দি থানার একটি বিশেষ দল লক্ষীপুর জিপি অফিস সংলগ্ন এলাকায় নজরদারি শুরু করে। কিছুক্ষণ পর AS-10-BC-2312 নম্বরের একটি অটোরিকশাকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ির ভেতর থেকে ৫,৮০০টি সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলির রাসায়নিক পরীক্ষার জন্য ফরেনসিক পরীক্ষাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
অভিযানের সময় স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট, ব্যবহৃত অটো এবং একটি মোবাইল ফোন আইনানুগভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেপ্তার হওয়া যুবক আফসার আলম পাথারকান্দি থানার বাংলাটিলা গ্রামের বাসিন্দা।



