কটামণি বাজারে চুরি, পাঁচ দোকানে হানা; নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৫ জুলাই:
শ্রীভূমি জেলার কটামণি বাজারে ফের সক্রিয় হয়ে উঠেছে চোরচক্র। মঙ্গলবার গভীর রাতে বাজারের প্রাণকেন্দ্রে পরপর পাঁচটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংঘবদ্ধ চোরের দল নগদ অর্থ, মোবাইল ফোন, নতুন কাপড়সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়। এক রাতেই একাধিক দোকানে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১১টার দিকে চোরেরা বাজারের পেছনের একটি নির্জন ও পরিত্যক্ত অংশ দিয়ে এসে দোকানগুলোর টিনের ছাদ ও বেড়া খুলে ভেতরে প্রবেশ করে। এরপর একে একে পাঁচটি দোকানে চুরি চালায়। বুধবার সকালে দোকান খুলতে এসে ব্যবসায়ীরা মালপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। তখনই চুরির বিষয়টি সামনে আসে।

খবর পেয়ে কটামণি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়দ্বীপ ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, সংঘবদ্ধ চোরচক্রের সদস্য অথবা মাদকাসক্ত ও পথভ্রষ্ট কয়েকজন যুবক এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এখনও পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি।

চোরেরা জয়নাল আবেদিন ও কামাল আহমদের দু’টি মুদিখানা, শামিম আহমদের মোবাইল ফোনের দোকান, মাহিদ পারভেজের কাপড়ের দোকান এবং একটি শুকনো মাছের দোকানে চুরি চালায়। কাপড়ের দোকান থেকে নগদ অর্থের পাশাপাশি বেশ কিছু নতুন কাপড় নিয়ে যায় দুষ্কৃতীরা। মোবাইলের দোকান থেকে কয়েকটি মোবাইল সেট ও নগদ অর্থ চুরি হয়েছে। এছাড়া অন্যান্য দোকান থেকেও নগদ টাকা ও বিভিন্ন সামগ্রী খোয়া গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।

তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে একটি দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ হাতে পেয়েছে পুলিশ। ফুটেজে দুই সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি ধরা পড়লেও তাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। পুলিশ ফুটেজ সংগ্রহ করে খুঁটিয়ে বিশ্লেষণ করছে। তদন্তকারীদের আশা, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে শীঘ্রই অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে।

কটামণি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়দীপ ভট্টাচার্য জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন দিক খতিয়ে দেখে তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে, বাজারের প্রাণকেন্দ্রে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যবসায়ী মহলে চরম উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় ঘন ঘন চুরির ঘটনায় শুধু ব্যবসায়ীরাই নন, সাধারণ মানুষও নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাতের নিরাপত্তা জোরদার, নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি এবং দ্রুত চোরচক্রকে গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *