রথযাত্রা : ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত ‘নো পার্কিং’, যানজট এড়াতে পুলিশের কড়া নজর

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ জুলাই :
রথযাত্রা উৎসব উপলক্ষে শিলচর শহরে যানজট নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং ভক্তদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করেছে কাছাড় জেলা পুলিশ। বুধবার কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মানস শইকিয়ার নেতৃত্বে শিলচর সদর থানায় জেলার বিভিন্ন থানা ও পুলিশ আউটপোস্টের ওসি ও আইসিদের নিয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রথযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, যান চলাচল স্বাভাবিক রাখা এবং জনসমাগম নিয়ন্ত্রণে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতিরিক্ত পুলিশ সুপার মানস শইকিয়া জানান, বৃহস্পতিবার সারাদিন ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত সড়কের উভয় পাশে কোনো ধরনের যানবাহন পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই নির্দেশ কঠোরভাবে কার্যকর করা হবে বলে তিনি জানান।
এছাড়াও, পথচারীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকাগুলির ফুটপাত সম্পূর্ণ দখলমুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে ট্রাফিক পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

শহরবাসীর উদ্দেশে মানস শইকিয়া আহ্বান জানান, রথযাত্রা উৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করতে সবাই যেন ট্রাফিক বিধি মেনে চলেন এবং প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করেন। তিনি বলেন, সাধারণ মানুষের সহযোগিতায় উৎসব নির্বিঘ্নভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *