বরাক তরঙ্গ, ১৪ জুলাই : ধুবড়ি জেলার বিলাসীপাড়া থানার অন্তর্গত হাজরিপাড়া এলাকায় এক অন্তঃসত্ত্বা মহিলার মৃতদেহ ঘরের উঠোনে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ বিরাজ করছে।
জানা গেছে, উদ্ধার হওয়া মৃতদেহটি হাকিমুল করিমের দ্বিতীয় স্ত্রী সাহেবা বিবির। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে। দীর্ঘ সময় ধরে তাঁর কোনও খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে বিষয়টি পুলিশের নজরে এলে তদন্ত শুরু হয়।
তদন্তের এক পর্যায়ে পুলিশ হাকিমুল করিমের বাড়িতে তল্লাশি চালিয়ে ঘরের উঠোন খুঁড়ে সাহেবা বিবির মৃতদেহ উদ্ধার করে। এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে অভিযোগ উঠেছে, স্বামী হাকিমুল করিম এবং তাঁর প্রথম স্ত্রী পরিকল্পিতভাবে সাহেবা বিবিকে হত্যা করে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে বাড়ির উঠোনে পুঁতে রাখেন। তবে হত্যার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার সব দিক খতিয়ে দেখছে এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে।
এই নৃশংস ঘটনায় সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



