বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ জুলাই : শিলচর সদর থানার অন্তর্গত কালীবাড়ি চরের মালাকারপট্টি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক সহ দু’জনকে আটক করে পুলিশ। সোমবার রাতে নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে কাছাড় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ১৪ জুলাই মধ্যরাতে খবর পেয়ে দুই ব্যক্তি শিলচর শহরের বিভিন্ন এলাকায় সন্দেহভাজন মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে ঘোরাফেরা করছে। সেই তথ্যের ভিত্তিতে রাত প্রায় দেড়টায় কালীবাড়ি চরের মালাকারপট্টি এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের তমিজ উদ্দিন লস্কর (২৮) ও নগাঁও জেলার বাটামারির বাসিন্দা আসাদুল ইসলামকে (২৯) আটক করা হয়।
তাদের তল্লাশি চালিয়ে ১০,০০০টি সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ১,০৯৪ গ্রাম উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্য এনডিপিএস আইনের নির্ধারিত বিধি মেনে স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলেই বাজেয়াপ্ত করা হয়। এ ঘটনায় এনডিপিএস আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।



