বরাক নদীতে তলিয়ে যাওয়া রোহিতের মৃতদেহ উদ্ধার, দুই কিশোরকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ আগস্ট: শিলচরের অন্নপূর্ণা ঘাটের ওপারে দুধপাতিল এলাকায় বরাক নদীতে তলিয়ে যাওয়া কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণির পড়ুয়া রোহিত সিং (১৪)-এর মৃতদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার অদূরে মাছুঘাট এলাকায় নদীতে ভেসে ওঠে রোহিতের দেহ। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্তের পর ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ঘটনাকে কেন্দ্র করে রোহিতের সঙ্গে সেদিন ফুটবল খেলতে যাওয়া দুই কিশোরকে আটক করেছে পুলিশ। রোহিতের মায়ের সন্দেহ, তাঁর ছেলের মৃত্যুর ঘটনায় ওই দুই কিশোরের ভূমিকা থাকতে পারে। সেই অভিযোগের ভিত্তিতে তারাপুর এলাকার বাসিন্দা ওই দুই কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তাদের জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হলে বোর্ডের নির্দেশে দু’জনকেই হোমে পাঠানো হয়েছে।

জানা গেছে, রোহিতের পরিবারের বাড়ি সোনাই সুন্দরী জিপির বনতারাপুর এলাকায়। পড়াশোনার সুবাদে তার মা তাকে নিয়ে শিলচর শহরের তারাপুর ইঅ্যান্ডডি কলোনি এলাকায় থাকতেন। বুধবার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে অন্নপূর্ণা ঘাটের ওপারে দুধপাতিল এমভি স্কুলের মাঠে গিয়েছিল রোহিত।
সঙ্গীদের বয়ান অনুযায়ী, খেলার সময় ফুটবল নদীতে পড়ে গেলে সেটি তুলে আনতে নদীতে নামে রোহিত। এরপরই সে জলে তলিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল তল্লাশি শুরু করে। অবশেষে বৃহস্পতিবার মাছুঘাট এলাকায় নদীতে রোহিতের মৃতদেহের সন্ধান মেলে।

ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। রোহিতের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনায় অন্য কারও ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *