এস পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১৩ জুলাই : সেবার অঙ্গীকার ও নতুন উদ্যমে লায়োনিস্টিক বর্ষ ২০২৬-২৭-এর পথচলা শুরু করল লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটার। রবিবার সন্ধ্যায় বরাক ভ্যালি সিমেন্টস লিমিটেডের কনফারেন্স হলে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় ক্লাবের ‘ইনস্টলেশন অব ক্লাব অফিসার্স অ্যান্ড বোর্ড অব ডিরেক্টরস’ অনুষ্ঠান।
সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলা অনুষ্ঠানে ইনস্টলেশন অফিসার তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর বিএস রাঠোর (পিএমজেএফ)। এউপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের প্রাক্তন সভাপতি মুকেশকুমার আগরওয়াল। ফ্ল্যাগ স্যালুটেশন ও ইনভোকেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর কচিকাঁচাদের পরিবেশনায় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলের মন জয় করে নেয়।
স্বাগত বক্তব্যে প্রাক্তন সভাপতি মুকেশ কুমার আগরওয়াল জানান, বিগত লায়োনিস্টিক বর্ষে ক্লাবের উদ্যোগে ১৫টি চক্ষু শিবিরসহ বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি সফলভাবে পরিচালিত হয়েছে। পরে ক্লাব সম্পাদক সপ্তর্ষি দে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন।
অনুষ্ঠানে ক্লাবের ৩৯ জন সদস্যের সর্বসম্মতিক্রমে লায়ন ডাঃ স্বপনকুমার দাসকে ২০২৬-২৭ লায়োনিস্টিক বর্ষের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে লায়ন এনাম উদ্দিন, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন আশিস তুশনিয়াল, থার্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন পবন কুমার তুলসিয়ান, সম্পাদক লায়ন সপ্তর্ষি দে, যুগ্ম সম্পাদক লায়ন সমরজিৎ চক্রবর্তী এবং কোষাধ্যক্ষ হিসেবে লায়ন অনুপম ঘোষ দায়িত্ব গ্রহণ করেন।
এছাড়া মেম্বারশিপ চেয়ারপার্সন হিসেবে লায়ন নিশা আগরওয়াল, এলসিআইএফ চেয়ারপার্সন লায়ন সন্তোষ তুশনিয়াল, সার্ভিস চেয়ারপার্সন হিসেবে লায়ন রতীশ কুমার রাই ও লায়ন অভয় জৈন, মার্কেটিং কমিউনিকেশন চেয়ারপার্সন তথা পিআরও হিসেবে লায়ন শমীন্দ্র পাল এবং ক্লাব অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে লায়ন প্রদীপ্ত কুমার দে মনোনীত হন। বোর্ড অফ ডিরেক্টরস হিসেবে রয়েছেন লায়ন মুকেশ আগরওয়াল, লায়ন লুৎফুর রহমান, লায়ন চিরন্ময় পাল চৌধুরী, লায়ন গুরু নন্দন ঘোষ ও লায়ন সুজিত কর।
ইনস্টলেশন অফিসার বিএস রাঠোর নবনিযুক্ত কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করেন। বক্তব্যে তিনি বলেন, সেবা করার মানসিকতা কেবল একটি ভালো অভ্যাস নয়, এটি একটি জীবনদর্শন। নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত সেবা। একজন মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি সেবা মানুষের নিজের জীবনকেও আলোকিত করে।
নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘দায়িত্ব মানেই একটি বিশ্বাস, একটি অঙ্গীকার। নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করলে কোনো বাধাই সাফল্যের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে না।’ অনুষ্ঠানে বি এস রাঠোরকে বরাক ভ্যালি সিমেন্টস লিমিটেড ও লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের পক্ষ থেকে উত্তরীয় ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয়। বদরপুর সাংস্কৃতিক মঞ্চের কর্মকর্তারাও তাঁকে এবং অন্যান্য অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন।
নবনিযুক্ত সভাপতি ডাঃ স্বপনকুমার দাস তাঁর বক্তব্যে জানান, নতুন লায়োনিস্টিক বর্ষে বছরব্যাপী বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করা হয়েছে। সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই ক্লাবের অন্যতম প্রধান লক্ষ্য হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান লায়ন সুবোধরঞ্জন দেব এবং বদরপুর সাংস্কৃতিক মঞ্চের কর্মকর্তারা। লায়ন্স ক্লাবের সদস্য না হয়েও সমাজসেবায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ অনুরাধা বোস ও আইনজীবী লক্ষী দত্তগুপ্তকে স্মারক প্রদান করে সংবর্ধনা জানানো হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন লায়ন এনাম উদ্দিন। ধন্যবাদ জ্ঞাপন করেন সম্পাদক লায়ন সপ্তর্ষি দে। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সোমবার ক্লাবের মার্কেটিং কমিউনিকেশন চেয়ারপার্সন তথা পিআরও লায়ন শমীন্দ্র পাল এক প্রেসবার্তায় এখবর জানিয়েছেন।



