বিশেষ প্রতিবেদক, মরিগাঁও।
বরাক তরঙ্গ, ১৩ জুলাই : মরিগাঁও জেলার লাহরিঘাটের থানার অন্তর্গত অমরাগুড়ি গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হওয়ার ভয়াবহ ঘটনা সংঘটিত হয়েছে। সোমবার সন্ধ্যায় এই নৃশংস হত্যাকাণ্ডটি সংগঠিত হয়। এই ঘটনায় সমগ্র লাহরিঘাট অঞ্চলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইমান হোসেন তাঁর নিজের বড় ভাই জাকির হোসেনকে রাস্তায় রড দিয়ে আক্রমণ করে। পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে দু’ভাইয়ের মধ্যে মনোমালিন্য চলছিল।
সোমবার সন্ধ্যায় সেই বিবাদ চরম আকার ধারণ করলে ইমাম হোসেন তাঁর বড় ভাইকে জাকির হোসেনকে রড দিয়ে এলোপাথাড়ি আক্রমণ করে। আক্রমণের পর স্থানীয়রা গুরুতর আহত জাকির হুসেইনকে উদ্ধার করে দ্রুত লাহরিঘাট হাসপাতালে নিয়ে যান। তবে উন্নত চিকিৎসার জন্য নগাওঁ যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। এদিকে, ঘটনার খবর পেয়ে লাহরিঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত অব্যাহত রাখছে।



