মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১১ জুলাই : রথযাত্রা উৎসবকে সামনে রেখে শ্রীভূমি শহরের এওসি পয়েন্ট থেকে সুতারকান্দি পর্যন্ত জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে করিমগঞ্জ জেলা কংগ্রেস। শনিবার জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনে অনুষ্ঠিত এক জরুরি রুদ্ধদ্বার বৈঠকে রথযাত্রার আগেই সড়কটির জরুরি সংস্কারের দাবি জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমদ পান্না, জেলা কংগ্রেসের বিভিন্ন পদাধিকারী ও দলের নেতারা। সড়কের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ দ্রুত লাঘবের লক্ষ্যে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হয়।
সভায় তাপস পুরকায়স্থ জানান, সম্প্রতি এনএইচআইডিসিএলের স্থানীয় জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ দত্তের সঙ্গে বৈঠকে রাস্তা সংস্কারের বিষয়টি গুরুত্ব সহকারে উত্থাপন করা হয়েছিল। তিনি বলেন, এওসি পয়েন্ট থেকে সুতারকান্দি পর্যন্ত জাতীয় সড়কের অসংখ্য গর্তের কারণে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। রথযাত্রাকে কেন্দ্র করে আগামী কয়েক দিনে যানবাহনের চাপ আরও বাড়বে। তাই অবিলম্বে গর্ত ভরাট করে রাস্তা চলাচলের উপযোগী করার দাবি জানান তিনি।
এরপরই বিধায়ক জাকারিয়া আহমদ গুয়াহাটির আমবাড়িতে অবস্থিত এনএইচআইডিসিএলের আঞ্চলিক ব্যবস্থাপক নির্মাণ কিষাণ জাম্বুলকরের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তিনি সড়কের করুণ অবস্থা তুলে ধরে জানান, প্রতিদিন টুকটুক, অটো-রিকশা ও অন্যান্য ছোট যানবাহন গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। রথযাত্রার আগে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা সংস্কারের জন্য তিনি কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
বিধায়কের আবেদনের প্রেক্ষিতে নির্মাণ কিষাণ জাম্বুলকর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি জানান, সংশ্লিষ্ট বিভাগকে অবিলম্বে নির্দেশ দেওয়া হবে যাতে জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরু করা যায়।
জেলা কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান শাহাদত আহমদ চৌধুরী বলেন, আগে এনএইচআইডিসিএলের পক্ষ থেকে আবহাওয়া অনুকূলে থাকলে গর্ত ভরাটের আশ্বাস দেওয়া হলেও বর্তমানে প্রতিদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই আবহাওয়ার অজুহাত না দেখিয়ে মানুষের স্বার্থে অবিলম্বে সংস্কারকাজ শুরু করা উচিত।
তিনি আরও বলেন, করিমগঞ্জ শহর, সীমান্ত বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যের জন্য এই সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ, বিধায়ক জাকারিয়া আহমদ, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীসহ দলের নেতারা প্রয়োজনে দিশপুর ও দিল্লি পর্যন্ত বিষয়টি উত্থাপন করবেন বলে জানান। বৈঠকে উপস্থিত নেতারা আশা প্রকাশ করেন, রথযাত্রার আগেই অন্তত জরুরি ভিত্তিতে রাস্তার গর্ত মেরামত করা হলে সাধারণ মানুষের দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমবে। পাশাপাশি দীর্ঘমেয়াদি ও স্থায়ী সংস্কার পরিকল্পনা দ্রুত বাস্তবায়নেরও দাবি জানান তাঁরা।



