মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১১ জুলাই : অসম বিধানসভার উন্নয়ন (এইচ) বিভাগীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। শুক্রবার বিধানসভার সচিবালয় থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে ১৩ সদস্যের এই গুরুত্বপূর্ণ কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পেয়েছেন বিধায়ক ভবেশ কলিতা। আর বরাক উপত্যকা থেকে একমাত্র সদস্য হিসেবে স্থান পেয়েছেন দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী।
বিধানসভার কার্যপ্রণালী ও কার্যপরিচালনা বিধির আওতায় গঠিত এই কমিটি আগামী এক বছর রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, সরকারি ব্যয়ের স্বচ্ছতা, প্রশাসনিক জবাবদিহিতা এবং জনকল্যাণমূলক কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করবে। প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে তথ্য সংগ্রহ করে সুপারিশও করবে, যা পরবর্তীতে বিধানসভায় উপস্থাপন করা হবে।
রাজনৈতিক মহলের মতে, বরাক উপত্যকা থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে আমিনুর রশিদ চৌধুরীর অন্তর্ভুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে জাতীয় সড়কের বেহাল অবস্থা, রেল ও সড়ক যোগাযোগের উন্নয়ন, বন্যা ও নদীভাঙন, পানীয় জলের সংকট, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণ, কৃষি এবং কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলি এবার কমিটির আলোচনায় আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার পর আমিনুর রশিদ চৌধুরী বলেন, এই দায়িত্ব তাঁর কাছে যেমন গর্বের, তেমনি বড় দায়িত্বও। তিনি জানান, বরাক উপত্যকার মানুষের দীর্ঘদিনের দাবি ও উন্নয়নমূলক সমস্যাগুলি গুরুত্বের সঙ্গে কমিটির বৈঠকে উপস্থাপন করবেন এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবেন।
নতুন কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন শিবু মিশ্র, চক্রধ্বজ গগৈ, তরঙ্গ গগৈ, রমাকান্ত দেওরী, উৎপল বরা, ভূপেন রায়, শশীকান্ত দাস, পবিত্র রাভা, আবুল কালাম রশীদ আলম, আমিনুর রশিদ চৌধুরী, বিকাশ শইকীয়া এবং পানিরাম ব্রহ্ম।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই কমিটি রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ডে কার্যকর নজরদারি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে বরাক উপত্যকার একমাত্র প্রতিনিধি হিসেবে আমিনুর রশিদ চৌধুরীর উপস্থিতি অঞ্চলটির দীর্ঘদিনের অবকাঠামোগত ও জনস্বার্থ সংশ্লিষ্ট দাবিগুলিকে বিধানসভার উচ্চপর্যায়ে তুলে ধরতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন বিভিন্ন মহল।



