বরাক তরঙ্গ, ৯ জুলাই : অরুণাচল প্রদেশের লোহিত জেলার লোহিতপুরে একটি নির্মাণস্থলে ভয়াবহ পাহাড়ধসের ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে এবং চারজন আহত হয়েছেন। আকস্মিকভাবে নেমে আসা মাটি, পাথর ও ধ্বংসাবশেষের নিচে মোট ছয়জন শ্রমিক চাপা পড়েন।
ঘটনার খবর পেয়ে পুলিশ, এসডিআরএফ, সেনাবাহিনী এবং জেলা প্রশাসনের যৌথ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ চেষ্টার পর ছয়জনকেই জীবিত উদ্ধার করে তেজুর জোনাল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬ বছর বয়সি রাহুল কুমার এবং ৩৩ বছর বয়সি বিপিন কুমারের মৃত্যু হয়। আহত বাকি চারজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এই দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন ঘটনার কারণ খতিয়ে দেখছে।



