বরাক তরঙ্গ, ৪ জুলাই : সোনাবাড়িঘাট হাসপাতালের জমি জবরদখল নিয়ে মামলা গড়ালো পুলিশে। সম্প্রতি হাসপাতাল পরিচালন কমিটি জমি দখলমুক্ত করতে সার্কল অফিসের দ্বারস্থ হয়। এরপর দফায় দফায় নোটিশ জারি করার পরও কয়েকটি দোকানের মালিক দখল ছাড়তে নারাজ। এ নিয়ে শনিবার হাসপাতালে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে এক সভার আয়োজন করে পরিচালন কমিটি। সভায় দখল না ছাড়া দোকান মালিকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া ও উচ্ছেদের পর ভূমি সংরক্ষণ বিষয়ে আলোচনা হয়।
সভায় বক্তারা জমি দখল করে দোকানপাঠ গড়ে তোলায় জল নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায় বলে জানান। সামান্য বৃষ্টি হলে হাসপাতাল সহ আশপাশ এলাকার ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়ে। এ ছাড়া হাসপাতালের জমি কৌশলে সীমানার বাইরে রেখে কয়েক বছর ধরে ভোগ করা হচ্ছে বলে অভিযোগ উঠে। বারবার নোটিশ পাওয়ার পরও জমি খালি না করায় ক্ষোভ ব্যক্ত করেন। সভায় আলোচনা শেষে দুই দোকান মালিকের বিরুদ্ধে আইনি পথে হাটতে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারপার্সনের পক্ষে জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি রাকা মজুমদার, জিপি সভাপতির প্রতিনিধি সুমন রায়, দুই গ্রুপ সদস্য মহিবুল ইসলাম চৌধুরী (রকি) ও আসরাফ হোসেন মজুমদার (স্বপন), বিশিষ্ট নাগরিক আজিজুর রহমান চৌধুরী, তেরামণি চৌধুরী, ইকবাল হোসেন মজুমদার, বিলন চৌধুরী, সাইবুর রহমান চৌধুরী, মঞ্জু মজুমদার, হাসপাতাল পরিচালন কমিটির পক্ষে সম্পাদক তথা ইনচার্জ ডাঃ জমিল আহমদ বড়ভূইয়া, তিন সদস্য কাউসার গণি চৌধুরী, করিম উদ্দিন, আলি আফসর আশু চৌধুরী সহ অন্যান্যরা। সভার সিদ্ধান্ত মতে এদিন মামলা দায়ের করা হয় বলে জানা যায়।



