বরাক তরঙ্গ, ৪ জুলাই : গ্রামাঞ্চল থেকে শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরে যোগচর্চা বিস্তারের লক্ষ্য নিয়ে আয়োজিত পিএম শ্রী ‘গাঁওয়ে গাঁওয়ে যোগ মহা-অভিযান’-এর বেসিক লেভেলের ১১ দিনের সমন্বিত প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। জাতীয় আয়ুষ মিশন, কাছাড়ের উদ্যোগে শিলচরের ইটখোলাস্থ কমিউনিটি বেসড ট্রেনিং সেন্টারে (সিএমটিসি) অনুষ্ঠিত সমাপ্তি অনুষ্ঠানে ১২০ জন প্রশিক্ষণার্থীর হাতে প্রশিক্ষণ সম্পন্নের শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত মনোজ্যোতি কুটুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আয়ুষ মিশন, কাছাড়ের ভারপ্রাপ্ত জেলা নোডাল অফিসার (আয়ুষ) ডাঃ সোনম পাণ্ডে।
বক্তব্যে মনোজ্যোতি কুটুম অসমের রাজ্যপালের উদ্যোগে শুরু হওয়া এই যোগ মহা-অভিযানের প্রশংসা করেন। তিনি বলেন, যোগ কেবল শরীরচর্চা নয়, এটি একটি জীবনধারা, যা শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, শৃঙ্খলাবোধ এবং সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি নবপ্রশিক্ষিত প্রশিক্ষকদের গ্রাম, বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের বিভিন্ন স্তরে নিয়মিত যোগচর্চা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
ডাঃ সোনম পাণ্ডে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা তৃণমূল স্তরে যোগ প্রশিক্ষণ ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং সুস্থ জীবনধারা গড়ে তুলতে দৈনন্দিন জীবনে যোগচর্চাকে জনপ্রিয় করে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
১১ দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে যোগের ব্যবহারিক অনুশীলন, তাত্ত্বিক পাঠ, সুস্থ জীবনযাপন এবং সমাজভিত্তিক সচেতনতা গড়ে তোলার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় যোগচর্চা পরিচালনা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে কাজ করার জন্য প্রস্তুত হন।
সমাপ্তি অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে শংসাপত্র প্রদান করা হয় এবং ধন্যবাদজ্ঞাপন পর্ব অনুষ্ঠিত হয়। এদিন নবপ্রশিক্ষিত যোগ প্রশিক্ষকেরা কাছাড় জেলার গ্রামাঞ্চল ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যোগচর্চা এবং সুস্থ জীবনধারা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার গ্রহণ করেন। অসম সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের বরাক উপত্যকার আঞ্চলিক কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



