বরাক তরঙ্গ, ৩ জুলাই : শহরের বেহাল রাস্তাঘাট দ্রুত সংস্কার এবং কৃত্রিম বন্যা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে শিলচরে বিক্ষোভ কর্মসূচি পালন করল এসইউসিআই (কমিউনিস্ট)-এর শিলচর আঞ্চলিক কমিটি। শুক্রবার শহরের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে আয়োজিত এই বিক্ষোভে দলের কর্মী-সমর্থকরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল— যুদ্ধকালীন তৎপরতায় শহরের সব ভাঙাচোরা রাস্তা অবিলম্বে সংস্কার, কৃত্রিম বন্যার স্থায়ী সমাধান এবং সাময়িক প্যাচওয়ার্কের পরিবর্তে টেকসই ও স্থায়ীভাবে রাস্তা পুনর্নির্মাণ।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন দলের কাছাড় জেলা কমিটির অন্যতম সদস্য অধ্যাপক অজয় রায় এবং শিলচর আঞ্চলিক কমিটির সম্পাদক দুলালী গাঙ্গুলী। বক্তারা জানান, গত ১০ দিন ধরে শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে দুই হাজারেরও বেশি স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। তাঁদের দাবি, নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে এই উদ্যোগে অংশ নিয়ে শহরের পরিকাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
বক্তারা অভিযোগ করেন, প্রায় দেড় বছর আগে আন্দোলনের চাপে শহরের বিভিন্ন রাস্তা সংস্কার করা হলেও অল্প সময়ের মধ্যেই সেগুলো আবারও বেহাল হয়ে পড়ে। দীর্ঘদিন গর্ত মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে যেসব স্থানে প্যাচওয়ার্ক করা হচ্ছে, তাও টেকসই নয়। ফলে প্রতিদিন দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
এছাড়া নিয়মিত নালা-নর্দমা পরিষ্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ছে বলে অভিযোগ করেন বক্তারা। তাঁদের দাবি, রাঙ্গিরখাল সংস্কারের কাজ অবৈজ্ঞানিকভাবে অত্যন্ত ধীরগতিতে চলছে এবং শহরের অন্যান্য খাল সংস্কারে এখনও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
বিক্ষোভ শেষে ভাঙা রাস্তা দ্রুত সংস্কার এবং শিলচরের কৃত্রিম বন্যা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে জেলা আয়ুক্তের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশে একটি স্বাক্ষর-সম্বলিত স্মারকলিপি পাঠানো হয়। এসময় উপস্থিত ছিলেন দলের কাছাড় জেলা কমিটির সদস্য সুব্রতচন্দ্র নাথ, নকুলরঞ্জন পাল, দুলালী গাঙ্গুলি, দিলীপ নাথ, কুমুদ সিনহা, খাদেজা বেগম লস্করসহ অন্যান্য নেতৃবৃন্দ।



