বরাক তরঙ্গ, ২ জুলাই : যে হাসপাতালে মানুষ সুস্থ হওয়ার আশায় ছুটে আসেন, সেই হাসপাতালই এখন যেন অস্বাস্থ্যকর পরিবেশ ও অব্যবস্থাপনার প্রতীক। কাছাড় জেলার বড়খলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে ঘিরে বুধবার একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে, যা নিয়ে এলাকাজুড়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাসপাতালের চারপাশে নোংরা পরিবেশ বিরাজ করছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে রোগী ও তাঁদের পরিজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমনকি এই অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা নিতে এসে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা করছেন বলেও দাবি করেছেন এলাকাবাসী।
সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ, হাসপাতালে চিকিৎসকের পরিবর্তে প্রায় সময়ই ফার্মাসিস্ট রোগী দেখছেন। ফলে সাধারণ রোগীদের অধিকাংশ সময় চিকিৎসকের সেবা থেকে বঞ্চিত হতে হয়। শুধুমাত্র জরুরি পরিস্থিতিতেই চিকিৎসকের দেখা মেলে বলে দাবি স্থানীয়দের।
উল্লেখ্য, বড়খলা এলাকার প্রায় ৪০টি গ্রামের মানুষের একমাত্র সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র এই বড়খলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। অথচ সেই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রতিষ্ঠানের বেহাল অবস্থা এবং চিকিৎসা পরিষেবা নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। তবে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।



