২ জুলাই : দক্ষিণ আফ্রিকাজুড়ে অভিবাসীবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। বুধবার পুলিশ জানায়, এ পর্যন্ত ৯০০-রও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত বিক্ষোভের বেশিরভাগই শান্তিপূর্ণ হলেও কয়েকটি এলাকায় সহিংসতা, লুটপাট ও গুলির ঘটনা ঘটেছে।
দেশটির পুলিশ উপ-জাতীয় কমিশনার টেবেলো মোসিকিলি এক সংবাদ সম্মেলনে জানান, সারা দেশে মোট ১২০টি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১০৮টি শান্তিপূর্ণভাবে শেষ হলেও বাকি ১২টি মিছিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে।
তিনি জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে দেশে বসবাস, জনশৃঙ্খলা ভঙ্গ, সহিংসতা ছড়ানো, অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া এবং ডাকাতিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
পুলিশের এক পৃথক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার গভীর রাতে জোহানেসবার্গ-এর আলেকজান্দ্রা টাউনশিপ এলাকায় বিদেশি নাগরিকদের মালিকানাধীন ছোট দোকান, যা স্থানীয়ভাবে ‘স্পাজা শপ’ নামে পরিচিত, সেগুলোতে লুটপাটের সময় গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে একজন নিহত হন।
উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে দেশের নয়টি প্রদেশের মধ্যে পাঁচটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জোহানেসবারঙে অভ্যন্তরীণ শহরাঞ্চল হিলব্রো এলাকায় সেনাবাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। সেখানে গুলির ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন।



