মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ১ জুলাই : কাছাড় জেলার বড়খলা এলাকার জয়ন্তীয়া-কালাইন সংযোগকারী সড়কের জারাইলতোলা এলাকায় সরকারি জমি দখল করে কালভার্ট ও নালার জলনিকাশ ব্যবস্থা বন্ধ করে রাখার অভিযোগে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একাংশ ব্যক্তি সড়কের পাশের সরকারি জমি দখল করে কালভার্ট ও নালা অবরুদ্ধ করে রেখেছিলেন। ফলে সামান্য বৃষ্টিতেই জারাইলতোলা এলাকায় কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হতো। এতে প্রায় ৬০ থেকে ৭০টি পরিবারের বাড়িতে পানি ঢুকে ব্যাপক দুর্ভোগের শিকার হতে হতো বাসিন্দাদের।
এদিকে, অসমমালা প্রকল্পের অধীনে নির্মীয়মাণ সড়কের কাজও এই অবৈধ দখলের কারণে ব্যাহত হচ্ছিল। বিষয়টি সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা ও বিভাগ জেলা প্রশাসনের নজরে আনলে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।
উচ্ছেদ অভিযানে বুলডোজারের সাহায্যে অবৈধভাবে বন্ধ করে রাখা কালভার্ট ও নালা অপসারণ করা হয়। প্রশাসনের এই পদক্ষেপে এলাকায় স্বাভাবিক জলনিকাশ ব্যবস্থা পুনরুদ্ধার হওয়ার পাশাপাশি সড়ক নির্মাণের কাজও দ্রুতগতিতে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।



