লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস, নিহত ১৪ শিশু

Spread the news

১ জুলাই : পাকিস্তানের পঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের কাহনা এলাকায় একটি বেসরকারি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন শিশু আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির জানান, ধ্বংসস্তূপের নিচে মোট ২০ জন আটকা পড়েছিল। উদ্ধারকারীরা তাদের দ্রুত কাহনা তহসিল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ১৪ শিশুকে মৃত ঘোষণা করেন। আহত দুই শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি থাকা বাকি চার শিশুর অবস্থাও বর্তমানে আশঙ্কামুক্ত।

লাহোর পুলিশের ডিআইজি (অপারেশনস) ফয়সাল কামরান বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয় এবং সন্ধ্যার মধ্যে তা শেষ করা হয়। উদ্ধারকাজে অংশ নেয় রেসকিউ ১১২২, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা। লাহোর জেনারেল হাসপাতালের প্রাথমিক তালিকা অনুযায়ী, নিহত শিশুদের অধিকাংশের বয়স ৫ থেকে ১৬ বছরের মধ্যে। দুর্ঘটনার সময় কোচিং সেন্টারে ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিল বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনটির একটি অংশে নির্মাণকাজ চলছিল। এ সময় হঠাৎ ছাদের সিলিং ধসে দুটি কক্ষে পাঠরত শিশুদের ওপর পড়ে। এতে মুহূর্তেই কক্ষ দুটি ধ্বংসস্তূপে পরিণত হয় এবং বহু শিশু আটকা পড়ে। রেসকিউ ১১২২-এর মুখপাত্র ফারুক আহমদ জানান, দুর্ঘটনার সময় শিশুরা শ্রেণিকক্ষে পাঠ নিচ্ছিল।

আকস্মিকভাবে ছাদ ধসে পড়ায় তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। ঘটনার পর ভবনের মালিক ও নির্মাণকাজে যুক্ত এক ঠিকাদারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। ডিআইজি ফয়সাল কামরান জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্তে অবহেলা বা অনিয়মের প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, পঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *