আফগানিস্তানে পাকিস্তানি হামলায় ৩৬ বেসামরিক নাগরিকের মৃত্যু, হুঁশিয়ারি তালিবানের

Spread the news

৩০ জুন : ফের রক্তক্ষয়ী সংঘাতে উত্তপ্ত হয়ে উঠল পাক-আফগান সীমান্ত। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় তিনটি প্রদেশে রবিবার রাতে পাকিস্তানি স্থল ও বিমানবাহিনীর যৌথ হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩৬ জন সাধারণ নাগরিক নিহত এবং আরও ১৬৩ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার আফগানিস্তানের তালিবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লা ফিতরাত এই চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন। একই সঙ্গে এই আগ্রাসনের বিরুদ্ধে ইসলামাবাদকে ‘সমুচিত জবাব’ দেওয়া হবে বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছে কাবুল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে হামদুল্লা ফিতরাত লিখেছেন, “গত রাতের হামলায় নারী ও শিশু-সহ ৩৬ জন সাধারণ নাগরিক শহিদ হয়েছেন এবং আরও ১৬৩ জন আহত হয়েছেন।”

আফগান তালিবানের এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের দাবি, রবিবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বাজ়াউর সংলগ্ন পাক-আফগান সীমান্তে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও বিমানবাহিনী যৌথভাবে একটি সুপরিকল্পিত সফল অভিযান চালায়।

সোমবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার দাবি করেন, এই বিশেষ অভিযানে ২৯ জন ‘ফিতনা আল-খোয়ারিজ়’ (তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি-কে পাকিস্তান সরকার এই নামে ডাকে) জঙ্গি নিহত হয়েছে। নিহতদের মধ্যে টিটিপি কমান্ডার খান ফারোশ এবং তার সহযোগী জঙ্গিগোষ্ঠী ‘জামাত-উল-আহরার’-এর তিন শীর্ষ জঙ্গি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *