বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ জুন: কাছাড় জেলার সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে রবিবার শিলচরের একটি হোটেলে অসম সরকারের বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শহরের বিশিষ্ট নাগরিক, জনপ্রতিনিধি এবং সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে জেলার উন্নয়ন, নাগরিক সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত নাগরিকরা শহরের বিভিন্ন জনসমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে রাস্তাঘাটের বেহাল অবস্থা, বিশুদ্ধ পানীয়জলের সংকট, বর্ষাকালে জলাবদ্ধতা এবং পর্যাপ্ত নিকাশি ব্যবস্থার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি জেলার সার্বিক উন্নয়নের স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ দাবি ও প্রস্তাবও মন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়।
উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আশ্বাস দিয়ে বলেন, সভায় উত্থাপিত সমস্যাগুলি মুখ্যমন্ত্রীর নজরে আনা হবে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, ধলাইয়ের বিধায়ক অমীয় কান্তি দাস, সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর, কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, শিলচরের বিধায়ক রাজদীপ রায়, বড়খলার বিধায়ক কিশোর নাথ, উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা, কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, সরকারি আধিকারিক আদিত্য বিক্রম যাদবসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও সমাজের প্রতিনিধিরা।



